জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৬ হত্যা মামলা

হানিফসহ চারজনের মামলার রায় যেকোনও দিন

ডেস্ক রিপোর্ট
  ১০ জুন ২০২৬, ১৪:২৮

২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য মামলাটি সিএভি (রায়ের জন্য অপেক্ষমাণ) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১০ জুন) উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাকে সহায়তা করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
যুক্তিতর্কে প্রসিকিউশন দাবি করে, আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। একইসঙ্গে ঘটনাগুলো পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ বলেও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়।
অপরদিকে, অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে আসামিদের খালাস চেয়ে যুক্তি উপস্থাপন করেন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।
এর আগে, গত ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। এ মামলায় মোট ১৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
মাহবুবউল আলম হানিফ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তারা সবাই পলাতক।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ অক্টোবর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরদিন ৬ অক্টোবর অভিযোগ আমলে নেওয়া হয়। পরে ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।