রেখার সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে বিতর্ক, সেই ঘটনা নিয়ে যা বললেন বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৮

১৯৭৯ সালের হিট সিনেমা ‘দো শিকারি’-তে অভিনেত্রী রেখার সঙ্গে প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের চুম্বন দৃশ্য একসময় ভারতীয় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছিল। সেই সময় মূলধারার সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যকে বেশ সংবেদনশীল ও দুঃসাহসী বিষয় হিসেবে দেখা হতো।
দৃশ্যটি নিয়ে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। কয়েক দশক পর সেই ঘটনা নিয়ে সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে স্মৃতিচারণ করেছেন বিশ্বজিৎ।
বর্তমান সময়ের সিনেমার সঙ্গে তুলনা করে বিশ্বজিৎ বলেন, এখনকার প্রেক্ষাপটে ওই দৃশ্যকে আর তেমন বড় বিষয় মনে হয় না। তাঁর কথায়, ‘আজকের যুগে দাঁড়িয়ে ওই ঘটনার আর কোনো বিশেষ অর্থই নেই। এখন পর্দায় চুমু খাওয়া অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আজকাল সিনেমায় বেডরুমের যে ধরনের দৃশ্য দেখানো হয়, সেগুলো দেখলে আমি নিজেই অবাক হয়ে যাই।’
তবে তার মতে, সিনেমার ইতিহাস ও দীর্ঘ যাত্রায় বিতর্ক একটি স্বাভাবিক বিষয়। সময়ের সঙ্গে এসব বিতর্কও একসময় থিতিয়ে যায়।
ওই চুম্বন দৃশ্য নিয়ে এত আলোচনা হলেও রেখার সঙ্গে তার পেশাগত সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলে জানান বিশ্বজিৎ। পরবর্তীতে তাদের দেখা হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের দেখা হয়েছে এবং সম্পর্কও স্বাভাবিক ছিল।
শুধু তা-ই নয়, বিশ্বজিৎ যখন প্রযোজক ও পরিচালক হিসেবে সিনেমা নির্মাণ করেছেন, তখন তার ছবিতেও অভিনয় করেছেন রেখা। এ প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, ‘সেই ঘটনার পর রেখা আমার চলচ্চিত্রে কাজ করেছিলেন। আমি নিজে প্রযোজক ও পরিচালক হিসেবে তাঁর সঙ্গে কথা বলি এবং তিনি আমার সিনেমায় অভিনয় করেন।’
কয়েক দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করলেও সিনেমার প্রতি তার আগ্রহ এখনো অটুট। নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে নতুন সিনেমা দেখতে পছন্দ করেন এই অভিনেতা। ‘অ্যানিম্যাল’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘আরআরআর’ ও ‘বাহুবলী’র মতো বড় বাজেটের সিনেমাও সম্প্রতি বড় পর্দায় দেখেছেন তিনি।
নিজের সিনেমাপ্রেমের কথা জানিয়ে বিশ্বজিৎ বলেন, ‘আমার একটাই নেশা—সিনেমা দেখা, আর সেটা সিনেমা হলে গিয়েই দেখা। সিনেমা থেকে এখনও শেখার ইচ্ছে আমার রয়েছে।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘দো শিকারি’ সিনেমায় রেখা ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ খান্না ও আমজাদ খান। সূত্র: দ্য ওয়াল