মধ্যরাতে ইসিতে অভিযোগ দিয়েছে জামায়াত

ডেস্ক রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১


বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পক্ষপাতমূলক ভূমিকা রাখছেন। দলটির দাবি, তাদের শীর্ষ নেতাদের নির্বাচনী ফলাফল প্রকাশে অযথা বিলম্ব করা হয়েছে এবং কিছু আসনে ফলাফল বিকৃত বা পরিবর্তন করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে, প্রায় ৪টার দিকে ফলাফল ঘোষণা ও কিছু আসনে অনিয়মের অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যান জামায়াতের একটি প্রতিনিধি দল। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জুবায়ের বলেন, তাদের শীর্ষ নেতাদের ফল প্রকাশে টেম্পারিং ও অস্বাভাবিক দেরি করা হচ্ছে। তার অভিযোগ, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে ফল ঘোষণায় বিলম্ব করছেন এবং কোথাও কোথাও ফলাফল পরিবর্তন করেছেন।
তিনি আরও দাবি করেন, জনগণের রায় প্রকাশে ষড়যন্ত্র চলছে এবং এর মাধ্যমে স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টা করা হচ্ছে। যদি ভোটের রায় নিয়ে টালবাহানা করা হয়, তাহলে তা প্রতিরোধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি সতর্ক করেন।
নির্বাচন কমিশনের বক্তব্য শোনার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।