অনিয়মের অভিযোগ নিয়ে গভীর রাতে ইসিতে মামুনুল হক

ডেস্ক রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ভোটগণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তিনি আগারগাঁওয়ের ইসি ভবনে যান। এর আগে রাত ২টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও অভিযোগ দেন তিনি।
মামুনুল হকের ভাষ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা তাকে জানান, পাশের নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযোগ দেওয়া যেতে পারে। ফল ঘোষণার পর সংক্ষুব্ধ হলে আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে পুনরায় ভোট গণনা করা হবে।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঢাকা-১৩ আসনে ৯ জন প্রার্থী ছিলেন। ব্যালটের এক পাশে ৫ জন এবং অন্য পাশে ৪ জনের নাম ছিল। তার নাম ছিল বাম পাশে সর্বনিম্ন স্থানে। নামের পাশের ঘরে ফাঁকা জায়গা থাকায় অনেক ভোটার সেখানে সিল দেন, যা বাতিল করা হয়েছে।
তিনি দাবি করেন, ‘৫০টি কেন্দ্রের ফলাফলে আমার ১২০০ ভোট বাতিল হয়েছে। সব ১৩৭টি কেন্দ্রে একইভাবে ভোট বাতিল হলে তা প্রায় ৩ হাজারে পৌঁছাতে পারে।’ তার মতে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীকে প্রায় ২২০০ ভোটে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে। বাতিল হওয়া ভোট বৈধ হিসেবে গণ্য হলে ফল পরিবর্তন হতে পারে বলে তিনি দাবি করেন।
মামুনুল হক আরও অভিযোগ করেন, কিছু কেন্দ্রে ফল প্রকাশে বিলম্ব হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বিলম্বের সময় ‘ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা হয়েছে বলে আশঙ্কা রয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি বিষয়টি কমিশনের এখতিয়ার বলে উল্লেখ করেন। পরে ইসি সচিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তার আওতায় পড়ে।