নিউইয়র্কে সাংবাদিক নঈম নিজামের মায়ের স্মরণে দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৫০


নিউইয়র্কে দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজামের মাতা মরহুমা ফাতেমা বেগমের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নঈম নিজামের শুভাকাঙ্ক্ষী মহলের উদ্যোগে মঙ্গলবার (১৩) জানুয়ারি সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইডে অবস্থিত পিঠাঘর রেস্টুরেন্টে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায়, বিশিষ্ট সাংবাদিক মনজুরুল ইসলাম মঞ্জু, মোহাম্মদ আলী সিদ্দিকী, দুরুদ মিয়া রনেল ও জাহিদ হাসান।
অনুষ্ঠানে বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সাংবাদিক নঈম নিজাম ও তার সহধর্মিণী, বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমীন। দোয়া মাহফিলে মরহুমা ফাতেমা বেগমের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল আলম শাহীন, ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মাসুদুল হাসান, সদস্য শাহানা রহমান ও নুরুল আফসার সেন্টু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাখাওয়াত হোসেন চঞ্চল, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া, যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাবেক ছাত্রলীগ নেতা আজাদ খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তব্যে ফরিদা ইয়াসমীন বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলতেন, তারা আজ ঘরছাড়া ও পরিবার থেকে বিচ্ছিন্ন। দেশে একটি বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। সাংবাদিক নঈম নিজাম আবেগঘন কণ্ঠে বলেন, তার মা শুধু একজন মা নন, তিনি একজন মুক্তিযোদ্ধার মা ছিলেন, যিনি তার সন্তানকে দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন।
ড. সিদ্দিকুর রহমান বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ এবং জাতীয় সংগীত অবহেলিত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারও ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে যাবে।