বিমানের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট পুনর্বহালের দাবিতে লিডসে সমাবেশ

ডেস্ক রিপোর্ট
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১১


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইট বাতিলের প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে যুক্তরাজ্যের লিডসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) লিডস বাংলাদেশি সেন্টারের হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। লিডস বাংলাদেশি সেন্টার ম্যানেজমেন্ট কমিটি ও কাউন্সিলর আব্দুল হান্নানের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সেন্টারের চেয়ারম্যান শাহিন আহমদ সেলিম। সেন্টারের কোষাধ্যক্ষ মোহাম্মদ নুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জালাল উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডস ইস্টের সংসদ সদস্য (এমপি) রিচার্ড বার্গন। তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছে ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট পুনর্বহালের দাবি জানানো হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহাম বারা কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার, গ্রিন পার্টির ডেপুটি লিডার কাউন্সিলর মতিন আলী, লিডস সিটি কাউন্সিলের লিডার জোনাথন প্রাইওর, কাউন্সিলর আব্দুল মালিক, সালমা আরিফ, ফুলজার আহমদ, আশরাফ মিয়া, নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম জি কিবরিয়া, প্রবাস বাংলা নিউজ গ্রুপের চেয়ারম্যান আফজাল রব্বানী ও গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমদ।
এ ছাড়া বক্তব্য দেন লিডস বাংলাদেশি কমিউনিটি সেন্টারের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, হযরত শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান বদর আহমদ, কমিউনিটি নেতা সৈয়দ কবির আহমেদ, আবুল আবেদীন, আনোয়ার গনি ও ওয়াহিদ মল্লিকসহ অনেকে।
বক্তারা বিমানের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট নিয়ে সরকারের টালবাহানার তীব্র সমালোচনা করেন। তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যকর করতে এবং অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনসকে সিলেটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দুর্নীতি ও অনিয়মের কারণে যাত্রীদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে যাত্রী হয়রানি বন্ধেরও দাবি জানান তারা।