
ইরান ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনক হারে কমে আসায় এবার বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের সপ্তম দিন, শুক্রবার তিনি জানিয়েছেন, অত্যাধুনিক অস্ত্রের উৎপাদন চার গুণ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একমত হয়েছে।
ইরানের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যাটারিগুলো। তেহরানের একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশলে মার্কিন-ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন হুমকির মুখে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত করা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি সফল বৈঠক হয়েছে। সেখানে আমরা উৎপাদন ও উৎপাদন সময়সূচি নিয়ে আলোচনা করেছি।
তিনি জানান, বড় কোম্পানিগুলো তাদের উচ্চ-প্রযুক্তির নিখুঁত মারণাস্ত্রের উৎপাদন চার গুণ বাড়াতে রাজি হয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, এই অস্ত্র উৎপাদন বাড়ানোর প্রক্রিয়াটি তিন মাস আগে থেকেই শুরু হয়েছে। তিনি লিখেছেন, অনেক কারখানা ইতোমধ্যে এসব অস্ত্রের উৎপাদন কার্যক্রম চলছে। আমরা যত দ্রুত সম্ভব বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের মজুত গড়ে তুলতে চাই।
অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি মাঝারি মানের গোলাবারুদের মজুত নিয়েও মুখ খুলেছেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের কাছে মাঝারি এবং উচ্চ-মাঝারি মানের গোলাবারুদের কার্যত সীমাহীন জোগান রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, এগুলো আমরা বর্তমানে ইরানে এবং সম্প্রতি ভেনেজুয়েলায় ব্যবহার করেছি। এসব অস্ত্রের অর্ডারও ইতোমধ্যে বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিএই সিস্টেমস, বোয়িং, হানিওয়েল অ্যারোস্পেস, এলথ্রি-হ্যারিস, লকহিড মার্টিন, নর্থরপ গ্রামম্যান এবং রেথিওনের মতো অস্ত্র কোম্পানির প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। আগামী দুই মাসের মধ্যে তাদের সঙ্গে পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এদিকে, নতুন অস্ত্র কারখানা স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। ট্রাম্প তার পোস্টে জানান, সারা দেশের অঙ্গরাজ্যগুলো এসব নতুন প্ল্যান্ট কারখানা স্থানের জন্য দরপত্র আহ্বান করছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড