
বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ ও ভোটার নিবন্ধন কার্যক্রমের নির্ধারিত কয়েকটি সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে এ বিষয়ে মানুষের ব্যাপক সাড়া থাকায় নতুন তারিখ ঘোষণা করে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রুকলিন, জ্যামাইকা এবং ব্রঙ্কস এলাকায় নির্ধারিত বিশেষ বুথগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়। আবহাওয়াজনিত কারণে স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগ্রহীদের সুবিধার্থে নতুন সূচি অনুযায়ী-ব্রুকলিনে ৮ মে শুক্রবার, জ্যামাইকায় ৯ মে শনিবার এবং ব্রঙ্কসে ১১ মে সোমবার সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত স্থানগুলোতেই কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ ও ভোটার নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এলামহার্স্টে সোসাইটির নিজস্ব কার্যালয়ে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।