৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে ফোবানা সম্মেলন, শুরু 

ডেস্ক রিপোর্ট
  ০৪ মে ২০২৬, ১৩:২৪

নিউইয়র্কে আগামী ৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন। প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে শুক্রবার (১ মে) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের এআর ব্যাঙ্কুয়েট হলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে পূর্ণাঙ্গ হোস্ট কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
সুধী সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী ও কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।
ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, হোস্ট কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবু এবং সদস্য সচিব মনজুর কাদের সম্মেলন সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফোবানার প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলমসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, এবারের ফোবানা সম্মেলনে বঙ্গবন্ধুর আদর্শ, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন থাকবে।