
আগামী ২২-২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর। ১৯৯২ সালে দেশের বাইরে শুরু হওয়া বাংলা ভাষার বই ঘিরে এ মেলা চলতি বছর ৩৫ বছরের মাইফলক স্পর্শ করছে। ‘যত বই, তত প্রাণ’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলা বইমেলাটি গত কয়েক বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে।
বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মেলার আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এর আহ্বায়ক অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। তিনি বলেন, এবারের বইমেলা একটা মাইলফলক। ৩৫ বছরের এ মাইলফলকে এসে আমরা চাইব, বাংলা ভাষার এই মেলাকে আমেরিকার মূলধারার সঙ্গে আরও বেশি সংযোগ ঘটাতে। বাংলা ভাষা এবং বাংলা ভাষার বইকে আন্তর্জাতিক পরিসরে আরও বেশি যুক্ত করার জন্য আমরা নানা চিন্তা এবং পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি, সবার সহযোগিতায় বরাবরের মতো এবারও আমরা একটি সফল আয়োজন সম্পন্ন করতে পারব।
মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, নিউইয়র্ক বইমেলার সবচেয়ে আনন্দের বিষয় হলো, বাংলা বই ঘিরে পুরো আমেরিকার বাংলা ভাষার বইপ্রেমীদের একটা মেলবন্ধন ঘটে। এর সঙ্গে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী লেখক নন, ইউরোপ বা অন্যান্য দেশে ছড়িয়ে থাকা লেখক ও পাঠক এর সঙ্গে যুক্ত হয়ে মূল ভূখণ্ড থেকে অনেক দূরের এক দেশে বাংলা ভাষাকে ভালোবেসে মিলিত হয়। তাছাড়া প্রতি বছর এ মেলার কলেবর বড় হচ্ছে। আরও বেশি করে বাংলা ভাষাভাষী মানুষ এর সঙ্গে যুক্ত হচ্ছে। এটা সত্যি আনন্দের।
অনুষ্ঠান পরিচালনা করেন ডা. ফারুক আজম। এতে আরও বক্তব্য রাখেন- অধ্যাপক শামীম রেজা, যুক্তরাষ্ট্র প্রবাসী কবি মইনুদ্দিন মুন্সী, কানাডা প্রবাসী লেখক জসিম মল্লিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক সাদাত হোসেন, এছাড়া মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ও ২০২৬ বইমেলার অর্থ কমিটির প্রধান ডা. ফাতেমা আহমেদ ও কার্যকরী কমিটির সদস্য কবি ইউসুফ রেজা প্রমুখ।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ৩৪ বছর ধরে অনুষ্ঠিত নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলাটি বাংলা ভাষার এক বা একাধিক লেখক প্রতি বছর বইমেলার উদ্বোধন করেন। এ পর্যন্ত যারা নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করেছেন তাদের মধ্যে আছেন- সাদাত হোসাইন, মুহম্মদ নূরুল হুদা, শাহাদুজ্জামান, অমর মিত্র, আসাদ চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, ফরিদুর রেজা সাগর, রামেন্দু মজুমদার, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, তপন রায় চৌধুরী, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, রফিক আজাদ, গোলাম মুরশিদ, সমরেশ মজুমদার, আনিসুজ্জামান, সুনীল গঙ্গোপাধ্যায়, আনিসুল হক, আবদুন নূর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাবেয়া খাতুন, সমরেন্দ্র সেনগুপ্ত, জয় গোস্বামী, হুমায়ুন আজাদ, ইমদাদুল হক মিলন, আবদুল মতিন, দিলারা হাশেম, হুমায়ুন আহমেদ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ পূরবী বসু আবদুল গাফফার চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, শহীদ কাদরী, জ্যোতিপ্রকাশ দত্ত।