নিউইয়র্কে এটিভি ইউএসএ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট
  ২১ জানুয়ারি ২০২৬, ১৪:০২

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এটিভি ইউএসএ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এটিভি ইউএসএ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা
সুন্দর জীবনের জন্য কোরআন স্লোগানে অনুষ্ঠিত হলো এটিভি ইউএসএ-আশা গ্রুপ উত্তর আমেরিকা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬–সিজন-২ পাওয়ার্ড বাই বাংলা ট্রাভেলস এর উদ্বোধনী অনুষ্ঠান।
২০ জানুয়ারি মঙ্গলবার নিউইয়র্কের জ্যামাইকার আশা পার্টি হলে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির বিশিষ্টজন, ইসলামিক স্কলার, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মাওলানা
মোহাম্মদ আবু সাঈদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় চলতি বছরের উদ্বোধনী আয়োজন।
কোরআন তেলাওয়াতের পর আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন আশা গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান এবং কো-ফাউন্ডার ও চেয়ারপার্সন এশা রহমান। এসময় উপস্থিত ছিলেন, আশা গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুস সুলতান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহনেওয়াজ আলম হাসিব, আশা পরিবারের সদস্য ফরমান হোসেন, সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক কাশেম মোহাম্মদসহ আরো অনেকে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে কোরআনের শিক্ষা ও শুদ্ধ তিলাওয়াতের প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন এমনটাই জানান আকাশ রহমান।
চলতি বছর নিউইয়র্কের পাঁচটি বরোর পাশাপাশি লং আইল্যান্ড, বাফেলো ও নিউজার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। হিফজ ও নন-হিফজ দুই ক্যাটাগরিতে অংশ নেয়া প্রতিযোগীর মধ্যে বিজয়ীদের জন্য থাকছে ওমরা হজ প্যাকেজ, নগদ অর্থ ও ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার।
কাশেম মোহাম্মদের সঞ্চালনায় কমিউনিটির সর্বস্তরের মানুষের পাশাপাশি আশা ডে কেয়ারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত থেকে মহতী এই আয়োজন আরো প্রাণবন্ত করে তোলেন। দ্বীন ইসলামের জন্য এটিভি ইউএসএ বিশেষ এই আয়োজনের পাশে থাকার জন্য কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাশেম মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন তেলাওয়াত শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং এটি তরুণদের নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের পথপ্রদর্শক। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা মুসলিম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহিত করা এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত মুসলিমদের মধ্যে ঐক্য ও ধর্মীয় চেতনা জাগ্রত করা।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং বিশেষ পুরস্কার প্রদান করা হবে। আয়োজকরা জানান, সিজন-১ এর সফল আয়োজনের পর এবার সিজন-২ আরও বৃহৎ পরিসরে করা হচ্ছে। প্রতিযোগিতার প্রতিটি ধাপ অনলাইনে সম্প্রচার করা হবে, যাতে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটি সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করতে পারে। উপস্থিত সবার মাঝে এবারের প্রতিযোগিতার খুটিনাটি তুলে ধরেন এটিভি এউএসএ’র স্টেশন ইনচার্জ রাশেদ বাপ্পী।
প্রতিযোগিতায় অংশগ্রহণের বয়সসীমা ১২ থেকে ২০ বছর। নিবন্ধনের শেষ সময় আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার। বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আটটি লোকেশনে—কুইন্স, দ্য ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড, লং আইল্যান্ড, বাফেলো এবং আটলান্টিক সিটি (নিউ জার্সি)। এসব জায়গা থেকে নির্বাচিত সেরা প্রতিযোগীরা গ্র্যান্ড ফিনালে-তে অংশ নেবেন। প্রতিযোগিতার তারিখ ও ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।
এটিভি ইউএসএ উত্তর আমেরিকা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ সিজন টু এর টাইটেল স্পন্সর হিসেবে আছে গ্রি মেকানিক্যাল ইয়ঙ্কার্স, সহযোগিতায় এটিভি ইউএসএ-আশা গ্রুপ, পাওয়ার্ড বাই বাংলা ট্রাভেলস। এছাড়া স্পন্সর হিসেবে আরো যুক্ত আছে, পিউর সুপারমার্কেট, কালামস বাজার, রিম্যাক্স লাক্স রিয়েলটি, খাবারবাড়ি সুপারমার্কেট, ঢাকা সুপারমার্কেট, ফাউমা ইনোভেটিভ ইনক, সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার। আয়োজনটির ফুড এবং বেভারেজ পার্টনার আশা রেস্টুরেন্ট এন্ড পার্টি হল। এছাড়া, মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক, দেশ টিভি ও সাপ্তাহিক সাদাকালো।