ফ্লোরিডায় পিঠার উৎসবে ফিরে দেখা শেকড়ের টান

ডেস্ক রিপোর্ট
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৮

পিঠা খেতে শীত, গল্প শুনতে রীত— সঙ্গে যদি থাকে গীত, থাকে কি আর হিতাহিত! সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজিত পিঠা উৎসবের শেষাংশে সবার আনন্দিত নৃত্য দেখে এই কথায় মনে হচ্ছিল বারবার।
অভিবাসী জীবনের শত ব্যস্ততার মধ্যেও এমন আয়োজনগুলো আমাদের নিয়ে যায় মায়ের উঠোনে। স্বজনহীন দেশে বহুস্বজনের সন্ধ্যায়। দেখি— ভাপা পিঠার গরম ভাপে নান্দনিক স্মৃতি জাগে। পাঁকান পিঠার ঐতিহ্য এখনো বুকে অনন্য। পুলি পিঠার রূপে প্রবাসজীবনের দুঃখ যেন টুটে! পাটিসাপটার স্বাদে অভিবাসী মন স্মৃতির গল্প রাঁধে। চিতই পিঠার আসর সাজায় গল্পের বাসর।
এমন পিঠা উৎসব যেন জানিয়ে দেয়— খাবারদাবারেও আমাদের বৈচিত্র্যের শেষ নেই। এই উৎসবে ছিল পিঠা প্রতিযোগিতা। যেন তার আড়ালে এটা শুধু প্রতিযোগিতা নয়, মিলনের পালা। দূর দেশে স্বদেশিরা বারবার ফিরে পায় প্রাণ, বাঙালির ঐতিহ্য, আনন্দের স্থান।
বিএএফওসিএফ আয়োজিত পিঠা উৎসবের রাতে আনন্দধারা সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছিল গানের আকাশ নিয়ে। এসেছেন, গেয়েছেন এবং মিলনায়তন মাতিয়েছিলেন আমন্ত্রিত শিল্পীরা। এতগুলো মানুষ! সবার জন্য রেঁধেছেন, খাইয়েছেন আয়োজকেরা। পিঠা বানিয়েছেন, খাইয়েছেন পিঠা উৎসবে অংশগ্রহণকারী প্রতিযোগীরা।