
আনন্দঘন পরিবেশে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেমিনার, শিক্ষাবৃত্তি বিতরণ, অ্যাওয়ার্ড প্রদান, ম্যাগাজিন প্রকাশ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে ঝাঁকজমকপূর্ণ করা হয়। এতে কমিউনিটির বিশিষ্টজন, এমপি, ডেপুটি মেয়র, সংস্কৃতিকর্মী, শিক্ষক ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বলন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট সাজিদুর রহমান নতুন ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি পরিচয় করিয়ে দেন। এরপর নতুন প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সেক্রেটারী আব্দুল বাছির।
এক পর্যায়ে “বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা ও এআই ভূমিকা” শীর্ষক সেমিনারে কী-নোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনজেলা রাসকিন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. অসীম চক্রবর্তী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়ছল হোসেন চৌধুরী, এমবিই, এমএসপি (মেম্বার অব দ্য স্কটিশ পার্লামেন্ট)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাহানারা নাসের এবং লন্ডন বারা অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির দুই সদস্যকে ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দৈনিক একাত্তরের যুক্তরাজ্য প্রতিনিধি বেলাল আহমদ বকুল ‘বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২৫’ ক্রেস্ট অর্জন করেন। সিলেট মিররের ভ্রাম্যমাণ প্রতিনিধি শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটিং অ্যাওয়ার্ড ২০২৫’ পান।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাশ পাশা, গবেষক ফারুক আহমেদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক কামাল মেহেদী, পলিটিকা নিউজের সম্পাদক তানভীর আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসেন।